৮ লক্ষ মানুষকে সেবা দিয়েছে ন্যাশনাল টেলিহেলথ সেন্টার
ডিজিটাল হেলথ নিয়ে এটুআই-এর উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সমন্বয়ে কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার, মা টেলিহেলথ সেন্টার ,৩৩৩ এবং কমিউনিটি সাপোর্ট টিম (সিএসটি) টেলিহেলথ সেন্টার গুলোকে নিয়ে গঠন করা হয় ন্যাশনাল টেলিহেলথ সেন্টার। আর এই সেন্টার থেকে এ পর্যন্ত প্রায় ৮ লক্ষ মানুষকে সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছে এটুআই।
এদিকে ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থিত ডেভোটেক টেকনোলজি পার্কে অবস্থিত ন্যাশনাল টেলিহেলথ সেন্টার এবং সেবাদান কার্যক্রম পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এ সময় তিনি সেখানে কর্মরত ডাক্তার এবং হেলথ ইনফরমেশন অফিসারদের সেবা প্রদান পদ্ধতি পর্যবেক্ষণ করেন এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানেন।
পরিদর্শন শেষে ন্যাশনাল টেলিহেলথ সেন্টারের ভবিষ্যত কার্যক্রম নিয়ে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন আইসিটি সচিব। সভায় ন্যাশনাল টেলিহেলথ সেন্টারের প্রেক্ষাপট, সার্বিক অগ্রগতি এবং পরবর্তী করণীয় বিষয় সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন ন্যাশনাল টেলিহেলথ সেন্টারের চীফ কো-অর্ডিনেটর, এবং এটুআই-এর চীফ ই-গর্ভনেন্স স্ট্র্যাটেজিষ্ট (ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর) জনাব ফরহাদ জাহিদ শেখ।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ড. নাসিমা সুলতানা, যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া, এটুআই পলিসি এ্যাডভাইজার আনীর চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজী বিভাগের অধ্যাপক ও আইসিটি সেল ইনচার্জ মোঃ সায়েদুর রহমান অনলাইনে মতবিনিময় সভায় যুক্ত ছিলেন।
অন্যদিকে টেলিহেলথ সেন্টারে উপস্থিত ছিলেন এটুআই প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান, হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এইচডি মিডিয়া পূরবী মতিন, মাতৃ এবং শিশু স্বাস্থ্যের আইসিডিডিআরবি’র প্রবীণ পরিচালক ডা. শামস-ই-এল আরিফীন,, সহকারি পরিচালক (গবেষণা), ড. মোঃ আব্দুল মতিন, সায়েদুর রহমান, ডেভোটেক টেকনোলজি পার্ক লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ রায়হান শামসি, স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নিজাম উদ্দিন আহমেদ, আইকন ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আরিফুর রহমান।